এখানে কয়েকটি জীবন - সালাহ উদ্দিন মাহমুদ | Akhane Koyekti Jibon
বই: এখানে কয়েকটি জীবন লেখক: সালাহ উদ্দিন মাহমুদ ধরন: গল্পগ্রন্থ প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন " চিঠি পড়া শেষ হতেই উচ্চস্বরে হাসে অনন্ত। কি সহজ-সরল ভাষা। সাবলীল ভঙ্গি। সাহিত্যের মারপ্যাচে নেই। আবেগের আতিশয্য নেই। অথচ সবটুকু আবেগ যেন উপচে পড়ছে। দরদমাখা এই চিঠির মানুষটি আজ পাশে নেই। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েও সোনাবউ পায়নি অনন্তকে। তখন বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা। প্রতিষ্ঠা নামক কালো ছায়া তাদের বিচ্ছিন্ন করে দেয় এক মুহুর্তেই। " উক্ত অংশটুকু লেখক সালাহ উদ্দিন মাহমুদের 'এখানে কয়েকটি জীবন' গল্পগ্রন্থ থেকে নেয়া। মোট ১১ টি গল্পের সমাহার এই বইটি। যেখানে আছে জীবনের গল্প, হাসি-কান্নার গল্প এবং আশা-নিরাশার গল্প। প্রত্যেকটা গল্পে লেখক ফুটিয়ে তুলেছেন জীবনের গভীর বেদনা। ১ম গল্প ~ জীবন:- সাত বছরের বিবাহিত জীবনে সন্তানের মুখ দেখতে পারছে না আনিস-রিজিয়া দম্পতি। সমাজের নানান কথা শুনার পরেও তারা একে অপরের পাশে থেকে সাহস জুগিয়েছে। হঠাৎ একদিন বিদ্যুতের খুটিতে লাগানো বিজ্ঞাপনে চোখ আটকে যায় দুজনের। সেই বিজ্ঞাপনে অসহায় এক দম্পতি তাদের বাচ্চাকে বিক্রি করবে যে কিনা এখনও পৃথ...