তমসা হতে : অঙ্কিতা সরকার | Tomsha Hote By Ankita Sarker
বইয়ের নাম : তমসা হতে; লেখক : অঙ্কিতা সরকার; প্রকাশক : বর্ণলহরী; পেপারব্যাক, ১৮৪ পৃষ্ঠা (১২ সেমি X ১৮ সেমি), ₹ ১৯০/- সোশ্যাল মিডিয়ায় ইদানীং তন্ত্র-মন্ত্র এবং প্রেত-পিশাচের দাপট বড়োই বেশি। প্রতি মাসেই নতুন সংকলন বেরোয় এই ধরনের থিম নিয়ে। পাঠককে ভয় পাওয়ানোর চেষ্টায় লেখকেরা হৃদয় খুঁড়ে বেদনার বদলে রাশি-রাশি উৎকট জিনিস তুলে এনে স্তূপীকৃত করেন সেইসব লেখায়। সচরাচর, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-র সন্ধান তাতে থাকে না। এই বই কিন্তু ব্যতিক্রম। লেখক মোট চারটি বড়োগল্পকে স্থান দিয়েছেন এই বইয়ে। তারা হল~ ১) রক্তজবা: শতাব্দীপ্রাচীন এই কাহিনিতে মিশে আছে সমাজের কুটিল রূপ, ব্যর্থ ভালোবাসা, প্রতিহিংসার উদগ্র বাসনা, আর মায়া— যা ছলনা করে, আবার বেঁধেও রাখে। ২) বাৎসল্য: এই গল্প ভয় পাওয়ায়। তবে তার চেয়েও বেশি করে এই গল্প জন্ম দেয় রাগ আর কষ্টের। বড়ো মর্মস্পর্শী এই আখ্যান। ৩) অপেক্ষার অন্তিম প্রহর: এই কাহিনি অলৌকিক। তবে তার চেয়েও বেশি করে এই কাহিনি মানবিক। ক্রোধ আর প্রতিহিংসা— এই দু'টি অনুভূতির স্পর্শে কীভাবে জ্বলে-পুড়ে খাক হয়ে যায় জীবন, সেটিই ধরা পড়েছে এতে। ৪) তমসা হতে: এটি, আমার মতে, এই বইয়ের সবচেয়ে গভীর লেখা...