কাব্য অসুখ By সাবের চৌধুরী
কাব্য অসুখ By সাবের চৌধুরী কৈশোর পেরোনোর সময়টিতে কবিতার গভীরতর শব্দাবলি আমাকে যেরকম সচকিত করে তুলেছিল, এর খানিকটা প্রতিক্রিয়া দেখা দিলো তারুণ্যের শুরুর সময়টিতেও। কবিতা লিখব—ভিতরে এমন একটি ইচ্ছা, স্ফূর্তি ও মানসিক প্রস্তুতি টের পাওয়ার পর খুব গোপনে আনন্দিত হয়ে উঠলাম। আমার পছন্দের শরীর ছিল প্রধানত গদ্যকবিতা। কবিতায় ছন্দবদ্ধ শরীরটাই মূল এবং কবিত্ব প্রকাশের আসল জায়গা—এটুকু বিশ্বাস করেও আমি একজন সম্ভাব্য কবি হিসেবে নিজেকে সমর্পিত করেছিলাম গদ্যকবিতার কাছে, এর পেছনে কারণ কী ছিল তা আমার কাছে পরিষ্কার নয়। অনুমান করি, ছন্দ ব্যাপারটা বুঝার জন্য যে পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হবে, সেটুকু নিতে চাচ্ছিলাম না। সাথে একটা সন্দেহও দানা বেঁধেছিল যে, ছন্দে হৃদয় উন্মোচিত হয় কম, একটা মেকি পরিশীলতায় বন্দি হয়ে হৃদয় তার নিজস্ব সরলতাটি হারিয়ে ফেলে। বিপরীতে হৃদয়কে তার সমস্ত আকুতি ও ইচ্ছাকে সহজভাবে ধারণ করার জন্য গদ্যকবিতায় যেমন দশদিগন্ত অবারিত হয়ে থাকে, তা আমাকে আকর্ষণ করেছিল প্রবলভাবে। যদিও পরবর্তী সময়ে ছন্দ বিষয়টা বুঝার পর মনে হয়েছে বাইরে থেকে এভাবে বিচার করলে ছন্দের প্রতি কিছুটা অবিচারই হয়। কারণ, যেটুকু বুঝতে পেরে...